নিজস্ব প্রতিবেদক
বন্ধ হতে যাওয়া চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের জন্য আমানত ফেরতের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত মূল আমানত ফেরতের সিদ্ধান্ত থাকলেও এখন তা বাড়িয়ে ৫০ লাখ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বর্ধিত এই সুবিধা পাবেন শুধু ব্যক্তি আমানতকারী, প্রভিডেন্ট ফান্ড, ট্রাস্ট ও সমবায় সমিতি। ৫০ লাখ টাকার বেশি আমানত রয়েছে-এমন গ্রাহকদের মূল আমানতের একটি অংশ কেটে রাখা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং আর্থিক খাতে আস্থার সংকট এড়াতে আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে চারটি প্রতিষ্ঠানের প্রায় ৯৭ শতাংশ আমানতকারী তাদের পুরো আমানত ফেরত পাবেন।

পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন অনিয়মের কারণে সংকটে পড়া ফাস ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ও আভিভা ফাইন্যান্স অবসায়নের প্রক্রিয়ায় রয়েছে। এসব প্রতিষ্ঠানের আমানত ফেরত দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ায় আগে ১০ লাখ টাকার বেশি আমানত থাকা গ্রাহকদের মূল টাকার একটি অংশ কেটে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।