পিরোজপুরপ্রতিনিধি
সন্তানের বিপথগামী হওয়া ঠেকাতে অভিভাবকদের খোঁজখবর রাখতে হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী
সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, সন্তানের শিক্ষাজীবনে অভিভাবকদের সর্বদা খোঁজখবর রাখতে হবে। এতে তারা বিপথগামী হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবে।

আজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় আছে, খোঁজ নিন। কলেজ ছুটির পর সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে সেদিকেও নজর রাখতে হবে।’

তিনি বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। এর মাধ্যমে মানুষের মূল্যবোধ জাগ্রত হয় এবং প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব। আর সুনাগরিকরাই দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে।

দেশকে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে আহম্মদ সোহেল মনজুর বলেন, নবীন ও তরুণরাই দেশের মূল চালিকাশক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ বিভিন্ন বড় আন্দোলনে তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের নীতি-নৈতিকতার পথে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মাদক থেকে আমাদের সন্তানদের বাঁচাতে হবে। মাদকমুক্ত সুস্থ ও সুন্দর জাতি গঠনে পরিবার, সমাজ, শিক্ষক ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী নেছারাবাদ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, আইন-শৃঙ্খলা বিষয়ক সভা এবং ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে তিনি স্বেচ্ছাধীন অনুদান বিতরণ করেন।

সূত্র: বাসস