ফরিদ পুরপ্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের ভাঙ্গা মহিলা কলেজে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের রজনিগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও অতিথিরা।

সকাল সাড়ে ১০টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়ে দুপুর সোয়া ২টা পর্যন্ত চলে।

কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক দিলীপ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফী উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা ও ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক এনায়েত হোসেন মিয়া, অর্থনীতি বিভাগের শিক্ষক নুরুন নাহার বেগম, বাংলা বিভাগের শিক্ষক অজয় কুমার দাস, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অথৈ সাহা। বক্তব্যকালে তারা শিক্ষার গুরুত্ব ও গুণগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর শিক্ষকগণ তাদের পরিচয় তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকগণ সংগীত, আবৃত্তি পরিবেশন করেন।