মোঃ আবুল হাসেম মিয়াজী

থানার সামনে আটকদের স্বজনরা ভিড় করছে/ছবি:

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেপনার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটকদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭৩ জনকে বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়।

লুৎফর রহমান বলেন, ‘অপ্রতিম হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার সব থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।’

 

পুলিশ জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাং দমনে জেলা পুলিশ এই অভিযান চালায়।

অভিযানে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানার বখাটেদের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এতে মোট ৬২৪ জনকে আটক করা হয়।

পরে যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনকে মাদক সেবন, নিয়মিত মামলা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।