‎
বাগেরহাটপ্রতিনিধি:
‎
‎বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর ও চার্চে সংরক্ষিত মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চার্চসংলগ্ন পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
‎
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
‎
‎গ্রেপ্তার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে।
‎
‎পুলিশের ভাষ্য, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দায় থাকা একটি কাঁচের বক্স ভাঙচুর করেন ফায়জুল শেখ। পরে ওই বক্সের ভেতরে রাখা মা মারিয়ার মূর্তিটি নিয়ে পাশের পুকুরে ফেলে দেন তিনি।
‎
‎ঘটনার পর চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন।
‎
‎মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযানে নামে। পরে ফায়জুল শেখকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী চার্চের পশ্চিম পাশের পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
‎
‎পুলিশ জানিয়েছে, ফায়জুল শেখের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলাও রয়েছে। উদ্ধার করা মূর্তিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।