ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঝটিকা সফর করে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি তদারকি করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি চৌধুরী নায়াব ইউসুফ।
শুক্রবার বিকেলে তিনি সরাসরি হাসপাতাল দুটিতে পৌঁছান এবং বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনের সময় সংসদ সদস্য হাসপাতালের শয্যাশায়ী রোগীদের চিকিৎসাসেবার মান, জরুরি ওষুধের প্রাপ্যতা ও শারীরিক অবস্থার খবরাখবর নেন। চিকিৎসায় কোনো প্রকার অবহেলা হচ্ছে কি না—সে বিষয়ে রোগী ও তাদের সাথে থাকা স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “দুটি হাসপাতালেই বর্তমানে নির্দিষ্ট ধারণক্ষমতার তুলনায় বহু গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।”
স্বাস্থ্যসেবার পরিধি ও মান বাড়াতে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ফরিদপুর জেনারেল হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর অনুমোদন প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত ধাপে চলমান। এটি বাস্তবায়িত হলে ফরিদপুরসহ আশেপাশের অঞ্চলের সাধারণ মানুষ আরও উন্নত ও আধুনিক চিকিৎসা সুবিধা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।