সরোয়ার আলম তুষার,

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার সর্বমোট ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উখিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধী দমনে অদ্য থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ৬ জন আসামি রয়েছে। এর মধ্যে ৪ জন আসামিকে ৩ মাস করে এবং ২ জন আসামিকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত।

এছাড়াও অভিযানে জিআর ওয়ারেন্টের ১ জন, সিআর ওয়ারেন্টের ১ জন, নিয়মিত মামলার ৪ জন, পূর্বের মামলায় ৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। বিভিন্ন এলাকায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে।

গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।