ক্রীড়া ডেস্ক :

প্রীতি সিরিজের প্রথম ম্যাচে যোগ করা সময়ে গোল করে কোনোরকমে হার এড়িয়েছিল ব্রাজিল। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আর কোনো অঘটন ঘটতে দেয়নি কার্লো আনচেলত্তির দল। ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে সেলেসাওরা।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধেই হয়েছে চার গোল। দুই দলই জালের দেখা পেয়েছে দুবার করে। তবে বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় ব্রাজিল।

ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন ভ্যান্ডারসন, রাফিনিয়া, ব্রুনো গিমারাইস ও ভিনিসিয়ুস জুনিয়র। অস্ট্রেলিয়ার হয়ে গোল দুটি করেন আলেসান্দ্রো সার্কাটি ও কনর মেটকাফ।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডি-বক্সে গাব্রিয়েল বন্তেম্পোর পাস পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ভ্যান্ডারসন।

২৮ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ডি-বক্সের ভেতর থেকে জোরালো ভলিতে গোল করেন সার্কাটি। এর পাঁচ মিনিট পরই স্বাগতিকদের এগিয়ে দেন মেটকাফ। ডি-বক্সের বাইরে থেকে গতিময় শটে ব্রাজিলের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

তবে বিরতিতে যাওয়ার ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ব্রাজিল। ৭০ মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নামা এন্দ্রিকের দারুণ কাটব্যাক থেকে কাছ থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন ব্রুনো গিমারাইস।

এর ১০ মিনিট পর ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। সফল স্পট কিকে অস্ট্রেলিয়ার জালে চতুর্থবার বল পাঠান তিনি।

শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।