ঢামেক প্রতিবেদক
রাজধানীর নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় মিজান হাওলাদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে গাজী শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান পটুয়াখালীর দশমিনা উপজেলার কবপুরকাঠি গ্রামের মফিজ হাওলাদারের ছেলে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান নিরব জানান, ভোর আনুমানিক ৫টার দিকে নয়া পল্টনের গাজী শপিং কমপ্লেক্সের সামনে সড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মিজান গুরুতর আহত হন। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিজানের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সকাল পৌনে ৭টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, প্রথমে আশপাশের লোকজন কেউ নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে।

এসআই জাহিদ হাসান নিরব আরও জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।