বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

একসময় তাঁতের শব্দে মুখর থাকত বাঞ্ছারামপুরের দুটি তাঁতকেন্দ্র। কর্মচাঞ্চল্যে ভরা সেই জায়গাগুলো এখন দীর্ঘদিন ধরে নীরব। অবহেলা আর অনাদরে পড়ে থাকা বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন সার্ভিসেস অ্যান্ড ফ্যাসিলিটিজ সেন্টার (এসএফসি) ও বেসিক সেন্টারে এবার আবারও প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্ধ কেন্দ্র দুটির বর্তমান অবস্থা ও সম্ভাবনা দেখতে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শনে যান বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী। তিনি পুরোনো স্থাপনা, কেন্দ্রগুলোর অবস্থা এবং সরকারি জমির বিভিন্ন বিষয় ঘুরে দেখেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁত বোর্ডের সদস্য (অর্থ) ড. মো. মঞ্জুরুল ইসলাম, পরিচালক (প্রশাসন) কে এম আবুল কালাম আজাদ এবং ব্যবস্থাপক (অপারেশন) মো. মনজুরুল ইসলাম।

পরিদর্শন শেষে কেন্দ্র দুটি পুনরুজ্জীবিত করার সম্ভাব্য পরিকল্পনার কথা জানানো হয়। এর মধ্যে রয়েছে পুরোনো ভবন পুনর্নির্মাণ, বেদখলে থাকা সরকারি জমি উদ্ধারে উদ্যোগ এবং কেন্দ্রগুলোর কার্যক্রম আবার চালু করা।

স্থানীয়দের প্রত্যাশা, উদ্যোগটি বাস্তবায়িত হলে শুধু বন্ধ ভবনেই প্রাণ ফিরবে না, সুযোগ তৈরি হবে স্থানীয় তাঁতিদের কাজেরও। ফিরে আসতে পারে বাঞ্ছারামপুরের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের পুরোনো কর্মচাঞ্চল্য।