কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে পাঁচ দফার অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে।

এর আগে, প্রথম দফায় ৬২৪ জন, দ্বিতীয় দফায় ২৫৪ জন, তৃতীয় দফায় ৪১৫ জন এবং চতুর্থ দফায় ৩৭৯ জনকে আটক করা হয়। সর্বশেষ ৩৬৩ জনসহ পাঁচ দফায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫ জনে।

সর্বশেষ অভিযানে ২০২২ সালে কুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি ও রতন গ্রুপের প্রধান রতনকেও গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রতনের বিরুদ্ধে শাহাদাত হত্যা মামলাসহ অস্ত্র ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।

২০২২ সালে মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপের’ মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই ঘটনায় শাহাদাত নিহত হন। পরে এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রতনকে প্রধান আসামি করা হয়।

কুমিল্লা নগরীসহ বিভিন্ন থানা এলাকার বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থান, অপরাধপ্রবণ এলাকা ও আড্ডাস্থলে অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।