রংপুরপ্রতিনিধি

রংপুরে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার খলেয়া ইউনিয়নের সলেয়াশাহ বাজারসংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- তারাগঞ্জ উপজেলার উত্তর হাজীপুর গ্রামের আজম আলীর ছেলে লিটন কবীর (৩১) এবং একই এলাকার মহুবর রহমানের ছেলে শিমুল ইসলাম (৩৩)।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সলেয়াশাহ বাজারসংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় শিমুল ও লিটনকে আটক করা হয়। পরে শিমুলের প্যান্টের পকেট থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, খোলা মোবাইল সিম এবং ভিসা প্রতারণার মাধ্যমে তৈরি করা ১০ পাতার কাগজপত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগইন করা অবস্থায় পাওয়া গেছে। ফোনে বাজি, বেটলি, বিকেসহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল বলে জানিয়েছে পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর বলেন, গ্রেফতার দুজনের মোবাইল ফোন পর্যালোচনা করে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ভিসা প্রতারণার কাগজপত্রও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার শিমুল ইসলাম ও লিটন কবীরের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।