মাইদুল ইসলাম জেলা প্রতিনিধি নীলফামারীঃ

নীলফামারীতে পুলিশের হেফাজত থেকে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের রবিবার (৪ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেপ্তার সুজন ইসলামকে আদালতে পাঠানোর জন্য জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে নেওয়া হচ্ছিল। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে একদল ব্যক্তি পুলিশের গাড়ির পথ আটকে দেন।

পুলিশের দাবি, তারা সুজন ইসলামকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বাধা দেন। এ সময় পুলিশ সদস্যদের সাথে নতাদের ধস্তাধস্তি হয়। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার পরপরই ২০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে নীলফামারী সদর থানায় মামলা করা হয়।

পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়। পরে রোববার রাত ১টা ৫ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবু সাঈদ (৩০), শফিকুল ইসলাম ওরফে লেবু (৪৫), নুরুজ্জামান (৫০), আফজাল হোসেন (৪৫), সাইফুল ইসলাম (৩২), হৃদয় ইসলাম (২২), সাকিরা (২০), মিরাজ ইসলাম (১৮), মিলন ইসলাম (১৯), আরিফুল ইসলাম (১৯), সাগর দেবনাথ (২২), নাঈম ইসলাম (১৯), মশিউর আলম (৩৬), নাইমুল ইসলাম (২২), সামিনুর ইসলাম (৪৫), আব্দুস সালাম (২৫), মঞ্জুয়ারা বেগম (৪০), লিপন ইসলাম (১৯), মিম হোসেন (২০), শুভ ইসলাম (১৯), আশিকুল ইসলাম (৩৫), গুলজার রহমান (৪৫), শহিদুল ইসলাম (৪৫), আলাউদ্দিন (৫০), মাহফুজার রহমান (১৯), সোহেল (২১), আনোয়ার হোসেন (১৯), ইসলাম (৬৫), সাগর রহমান (২৩), কবিরুল ইসলাম (২৫), মহিকুল ইসলাম (২৫), নুরবান (৫০), দুলালী বেগম (৩৫) ও রিমু (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, গ্রেপ্তার ৩৪ জনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।