ক্রীড়া ডেস্ক :
দীর্ঘ সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরিকিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকে ফিরবেন তিনি। এরপর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও খেলার পরিকল্পনা রয়েছে এই গতিতারকার।

২০২৩ সালের মার্চের পর আর টেস্টে মাঠে নামেননি নরিকিয়া। তবে দীর্ঘ বিরতির পর ফেরার প্রস্তুতি তিনি বেশ আগেই শুরু করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকার ১৮ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ১৯ টেস্টে ৭০ উইকেট নেওয়া এই পেসার।

নিজের প্রস্তুতি নিয়ে নরিকিয়া বলেন, দীর্ঘদিন ধরে তার মূল লক্ষ্য ছিল লাল বলের ক্রিকেটে নিজেকে প্রস্তুত করা। বোলিংয়ের কাজের চাপ ধীরে ধীরে বাড়ানো, দক্ষতা উন্নত করা এবং ধারাবাহিকভাবে বোলিং করার সক্ষমতা অর্জনে তিনি গুরুত্ব দিয়েছেন।

জাতীয় দলের বোলিং কোচ পিট বোথার সঙ্গে নিজের বোলিং অ্যাকশন নিয়েও কাজ করেছেন নরিকিয়া। রানআপ ও অ্যাকশনের বিভিন্ন দিক বিশ্লেষণ করে সেগুলো আরও কার্যকর, শক্তিশালী ও টেকসই করার চেষ্টা করেছেন তিনি।

সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার অন্যতম নির্ভরযোগ্য বোলার নরিকিয়া। ৪৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার শিকার ৫৬ উইকেট। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি।

তবে সংক্ষিপ্ত সংস্করণে সাফল্যের পরও টেস্ট ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার কথা স্পষ্ট করেছেন নরিকিয়া। তার মতে, ছোটবেলা থেকেই টেস্ট ক্রিকেটই ছিল ক্রিকেটারদের সবচেয়ে বড় স্বপ্নের ফরম্যাট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি নরিকিয়ার জন্য বাড়তি গুরুত্ব বহন করছে। ২০২২-২৩ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে তিন টেস্ট খেলে সাত উইকেট নিয়েছিলেন তিনি। সেই সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে হেরেছিল।

নিজের দেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার ভালো কিছু করার প্রত্যাশা নরিকিয়ার। দীর্ঘ বিরতির পর টেস্টে ফিরে পুরোনো হিসাব চুকিয়ে দেওয়ার লক্ষ্যও রয়েছে তার।

আগামী ৯ অক্টোবর ডারবানের কিংসমিডে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ১৫ নভেম্বর জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। দুই সিরিজেই মাঠে নামার জন্য নিজেকে প্রস্তুত রাখছেন নরিকিয়া।