মামুন মিয়া (হবিগঞ্জ) প্রতিনিধি:

রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় বাহুবলের মিরপুর বাজারসংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় ক্ষতিপূরণ গ্রহণকারী ভূমিমালিকরাও বক্তব্য দেন।

জেলা প্রশাসক জানান, প্রকল্পটির আওতায় হবিগঞ্জ জেলায় মোট ৩০টি ভূমি অধিগ্রহণ মামলা রয়েছে। এর মধ্যে ২১টি মামলায় স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭-এর ধারা ৮-এর উপধারা ৩(ক)-এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। যা মোট মামলার ৭০ শতাংশ। আরও পাঁচটি মামলার ক্ষতিপূরণের অর্থ ছাড়ের কার্যক্রম সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ অধিদপ্তরের পর্যায়ে রয়েছে। বাকি চারটি মামলার কার্যক্রম বিভিন্ন পর্যায়ে চলমান।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত প্রায় ১৪৯ কোটি টাকা ক্ষতিপূরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে শুধু চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের প্রায় ১৮ কোটি টাকা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম আইনানুগভাবে সম্পন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা হচ্ছে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম এগিয়ে নিচ্ছে।