কক্সবাজার উখিয়া প্রতিনিধি : সরোয়ার আলম

ক্রীড়াক্ষেত্রে সম্ভাবনার নতুন দুয়ার খুলতে চায় কক্সবাজারের উখিয়া। ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা, তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ তৈরি এবং মাঠকেন্দ্রিক ক্রীড়া কার্যক্রম বাড়ানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী পরিষদ।

এরই অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উখিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি পান্না আক্তার।

প্রথম সভাতেই কেবল আনুষ্ঠানিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে উখিয়ার ক্রীড়াঙ্গনের সম্ভাবনা, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের ক্রীড়া দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন, উখিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ আলম, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহদুল ইসলাম রোমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, এমপির প্রেস সচিব মোহাম্মদ ইমরানসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাইয়ের বিষয়ে মতামত দেওয়া হয়। প্রতিভাবান খেলোয়াড়দের শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নয়, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, উখিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনেক সম্ভাবনাময় তরুণ রয়েছে, যারা পর্যাপ্ত সুযোগ ও দিকনির্দেশনার অভাবে নিজেদের প্রতিভা মেলে ধরতে পারছে না। পরিকল্পিতভাবে তাদের খুঁজে বের করা গেলে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মুখ যেমন তৈরি হবে, তেমনি ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়েও উখিয়ার প্রতিনিধিত্ব বাড়তে পারে।

সভায় উপজেলার বিভিন্ন ক্রীড়া মাঠের বর্তমান অবস্থা, মাঠ ব্যবস্থাপনা, ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং নিয়মিত ক্রীড়া আয়োজনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রেখে সুস্থ ও ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মের নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। তাই উখিয়ার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত ক্রীড়া কার্যক্রমের বিস্তৃতি ঘটাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

উপজেলা ক্রীড়া সংস্থার প্রথম সভাকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। নিয়মিত প্রতিযোগিতা, প্রতিভা অন্বেষণ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে উখিয়ার ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে একটি পরিকল্পিত, সক্রিয় ও প্রতিভাবান খেলোয়াড়নির্ভর ক্রীড়া পরিবেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।