কক্সবাজারপ্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৭ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি ও বিজিবি। এ সময় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত থেকে সোমবার (৫ অক্টোবর) ভোরের মধ্যে টেকনাফের দুটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও তাদের আটক করা হয়। সোমবার বিকেলে এসআরবি ১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর এস এম মারুফ জানান, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ৪ নম্বর স্লুইসগেটসংলগ্ন নাফ নদীর সীমান্ত এলাকা থেকে ১১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোহাম্মদ ইদ্রিস নামে এক মাদক কারবারিকে আটক করেন এসআরবি ও বিজিবির সদস্যরা।

অন্যদিকে, কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ছয় কোটি টাকা মূল্যের দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে এসআরবি। এ ঘটনায় রিয়াজ ও আতাউর রহমান নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এসআরবি জানিয়েছে, গত এক মাসে ১২০টি অভিযানে প্রায় ১৪ লাখ পিস ইয়াবা, তিন কেজি ক্রিস্টাল আইস, ৩০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, তিনটি অস্ত্র ও ৩৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ৪৬ জন অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং ১৫৮ জন আসামিকে আটক করা হয়েছে।