তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার

নাঙ্গলকোটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন: পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের তপবন গ্রামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের ঘটনায় জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা রাবেয়া আক্তার, নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান খান এবং নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের নেতা ওমর ফারুক।

ভুক্তভোগীর মা রাবেয়া আক্তার অভিযোগ করেন, গত ১৫ জুন তার মেয়েকে অষ্টগ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ফয়েজ আহমেদ, বক্সগঞ্জ গ্রামের জয়নাল মোল্লার ছেলে রিয়াজ মোল্লা এবং সেনবাগ থানার এনায়েতপুর গ্রামের আকরাম অজ্ঞাত স্থানে নিয়ে দুই দিন আটকে রেখে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ১৭ জুন নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ফয়েজ আহমেদ ও রিয়াজ মোল্লাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তবে আকরাম এখনো পলাতক রয়েছেন। রাবেয়া আক্তার আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে আসামিপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। নিরাপত্তাগিয়ার

তিনি ও তার মেয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে আনিসুর রহমান, সোহাগ মিয়া ও শাহ আলমের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ১৩ বছর বয়সী এক শিশুর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি জানান তারা। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, মামলাটি বর্তমানে বিচারাধীন। হুমকি-ধমকির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। আদালতের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।