কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও পূর্বের মামলার আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) উখিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছেন— সিআর সাজা ওয়ারেন্টের ১ জন, জিআর ওয়ারেন্টের ১ জন, সিআর ওয়ারেন্টের ২ জন এবং পূর্বের মামলায় ২ জন আসামি। এছাড়া রিমান্ড শেষে আরও ৩ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিআর সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামির বিরুদ্ধে আদালতের দেওয়া সাজা অনুযায়ী ৮ লাখ ১৬ হাজার টাকা অর্থদণ্ড এবং ৮ মাসের সশ্রম কারাদণ্ড রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্ট ও আইনগত প্রক্রিয়ার ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উখিয়া থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।