মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব সাটুরিয়ার সিনিয়র সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখা। একই সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
ভুক্তভোগীর অভিযোগ, কয়েক মাস আগে সাটুরিয়া বাজারের বাসিন্দা আমানত হোসেনের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (৬ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে রহমান মার্কেটের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় বাজার এলাকায় আমানত হোসেন তাকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেন জাহাঙ্গীর আলম।
এ সময় তার সঙ্গে থাকা ব্যবসায়িক টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যান বলে দাবি ভুক্তভোগীর।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একজন সংবাদকর্মীর ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকেও প্রশ্নের মুখে ফেলে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা দাবি করছি।
জাহাঙ্গীর আলম জানান, তিনি বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।