মোঃ শাহিনুল ইসলাম শাহীন

কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ নুরুল হাকিম নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার রহমতের বিল এলাকায় বালুখালী বিওপির বিশেষ টহল দলের অভিযানে তাকে আটক করা হয়। আটক নুরুল হাকিম রোহিঙ্গা ক্যাম্প-৫-এর বাসিন্দা।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবির টহল দল। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
পরে তার হাতে থাকা একটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচটি কার্টন থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।