মেহেরপুর প্রতিনিধি

“শিশুর বিয়ে নয়, কন্যাশিশু করবে বিশ্বজয়” এ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন ও গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।