ফরিদপুর প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালির আবহমান সম্প্রীতি ও মিলনের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত পূজামণ্ডপ গুলোর প্রস্তুতিমূলক আলোচনা সভা ও সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার ১৯৪টি পূজামণ্ডপের অনুকূলে সরকারিভাবে প্রাপ্ত ৬০০ কেজি করে চালের বরাদ্দপত্র (ডিও) সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জোর দিয়ে বলেন, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন করতে হবে। নিরাপত্তার স্বার্থে মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিগত সময়ের মতো এবারও ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাকজমকপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, সাধারন সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা,
ডা প্রকাশ স্বরূপ রায় অপু,
ফরিদপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার,
চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মন্ডল।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফরিদপুর সদর উপজেলার ১৯৪টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।