কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণ-হত্যার তিন দিন পর মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অটোরিকশা চালক মো. ইকরামুল হককে (৩৭) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি) সোমবার গ্রেফতার করেছে। মো. ইকরামুল হক সদর দক্ষিণ থানার লালবাগ উত্তরপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. ইমরুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।
এসআরবি ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় একজন অটোরিকশা চালক মানসিক প্রতিবন্ধী একজন নারীকে ধর্ষণের কথা স্বীকার করছে। ভিডিওটি এসআরবি-১১ এর দৃষ্টিগোচর হয়। আলোচিত এই ধর্ষণের ঘটনার সাথে জড়িত অটোরিকশা চালককে গ্রেফতার ও মানসিক প্রতিবন্ধী ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তায় এসআরবি-১১ সিপিসি-২ এর একটি দল কুমিল্লা চৌদ্দগ্রাম থানার যুক্তিখোলা এলাকা হতে ইকরামুল হককে গ্রেফতার করেন।
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ ইমরুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১০ অক্টোবর বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার লালবাগ এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে কলা বাগানে মানসিক প্রতিবন্ধী এক নারীকে নিয়ে উক্ত অটোরিকশা চালক ধর্ষণ করে। ধর্ষণের পর কলাবাগান থেকে বের হওয়ার সময় রাসেল নামক অপর একজন অটোরিকশা চালক অভিযুক্ত ইকরামুলকে দেখে তার ভিডিও করে। এসময় ইকরামুল তার নিজের দোষ স্বীকার করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।