ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে এসেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে তিনি নিজস্ব উদ্যোগে সরকারি ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঢেউটিন ও সহায়তার চেক তুলে দেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো বিপদে জনগণের পাশে থাকাই আমাদের মূল দায়িত্ব। নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত মাথার ওপর ছাদ পায় এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হলো। ভবিষ্যতেও এ ধরনের সহায়তার ধারা অব্যাহত থাকবে।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের এ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।