নুরুল আলম সিকদার কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারের রামুতে পাহাড়ের বালি অবৈধভাবে উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে বন বিভাগ। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকানসংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে অভিযান চালিয়ে বালি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ধলিয়ারছড়ি খালের পাশে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে বন বিভাগের একটি অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে বালি উত্তোলনের সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে বালি উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামগুলো জব্দ করা হয়।
বন বিভাগের উদ্যোগে পরিচালিত এ যৌথ অভিযানে রাজারকুল রেঞ্জ, উখিয়া রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ এবং কক্সবাজারের স্পেশাল ফোর্সের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড় ও বনাঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে বালি উত্তোলন প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বন ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িত কর্মকাণ্ডের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, অপরিকল্পিতভাবে পাহাড়ের বালি উত্তোলনের ফলে পাহাড়ের স্বাভাবিক গঠন ও মাটির স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি ভূমিক্ষয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং আশপাশের প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
পরিবেশসচেতন মহল বলছে, পাহাড়, বনাঞ্চল ও জলাধার রক্ষায় নিয়মিত নজরদারি জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে অবৈধভাবে বালি উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।