আসাদউজ্জামানজেলা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার এলাকায় ‘মিলু অটো গ্যারেজে’ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১৪ অক্টোবর বুধবার রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় গ্যারেজের মালিক ও এক অটোচালককে হাত-পা ও চোখ-মুখ বেঁধে রেখে গ্যারেজ থেকে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী গ্যারেজের মালিক মো. মহিউদ্দিন মিলু মৃধা জানান, গভীর রাতে একদল দুর্বৃত্ত তাঁর গ্যারেজে প্রবেশ করে প্রথমে তাঁকে ও সেখানে থাকা অটোচালককে হাত-পা এবং চোখ-মুখ বেঁধে ফেলে। এরপর গ্যারেজে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা। তবে দুর্বৃত্তরা কীভাবে গ্যারেজে প্রবেশ করেছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
তিনি জানান, লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে ১০৪টি অটোরিকশার ব্যাটারি, ২০টি অটো চার্জার, ৪৩ ইঞ্চি একটি টেলিভিশন, দুটি স্মার্টফোন এবং নগদ ১০ থেকে ১৫ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার সময় গ্যারেজে মো. রুবেল মিয়া (৩৪) নামে আরও একজন অটোচালক ছিলেন। তাঁর বাবার নাম ইছুব মিয়া।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজের আগে ইকবাল (৪০) নামে স্থানীয় এক ব্যক্তি নামাজ পড়তে আসার সময় গ্যারেজের ভেতর থেকে শব্দ শুনতে পান। পরে সেখানে গিয়ে তিনি দুজনকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। এরপর তাঁদের বাঁধন খুলে দেন। এ সময় ডাকাতরা ঘটনাস্থল থেকে চলে গিয়েছিল। পরে ভুক্তভোগীরা স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করেন এবং লৌহজং থানা পুলিশকে বিষয়টি জানান।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরে তদন্ত কর্মকর্তাকেও পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও অটোচালকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা