রাজশাহীপ্রতিনিধি

ঢাকা থেকে রাজশাহী আসার পথে বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের পাঁচ সদস্যকেও আটক করা হয়েছে।

গতকাল বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও আসামিদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদ।

পুলিশ সুপার জানান, আটক পাঁচজন পেশাদার অপরাধী। তাদের বাড়ি রাজশাহীর পুঠিয়া ও চারঘাট এলাকায়। চলন্ত কাভার্ডভ্যানের দরজা ভেঙে বা কৌশলে খুলে মালামাল চুরির বিষয়ে তাঁদের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজগুলো সরিয়ে নিয়েছিলেন তারা। এ ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন জানান, লাগেজ উদ্ধারের খবর পেয়ে সকালে জেলা ডিবি কার্যালয়ে যান তারা। আটক আসামিদের মধ্যে কেউ কেউ ক্রিকেটারদের স্পোর্টস ট্রাউজার ও পোশাক পরেছিলেন, আবার কেউ কেউ লাগেজে থাকা দামি পারফিউমও গায়ে মেখেছিলেন।

তিনি আরও জানান, ক্রিকেটারদের খোয়া যাওয়া পাসপোর্ট, আইফোন, ডলার ও ক্রীড়াসামগ্রীসহ প্রায় সব মালামালই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এক ক্রিকেটারের ব্যাগে থাকা নগদ ৩ লাখ টাকা এখনো উদ্ধার হয়নি। সেটি উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে গতকাল সকালে উড়োজাহাজে করে রাজশাহী ফেরেন বিভাগীয় দলের সদস্যরা। অন্যদিকে বিসিবির একটি কাভার্ডভ্যানে খেলোয়াড়দের ৫৪টি লাগেজ বহন করা হচ্ছিল। সকালে রাজশাহীর হোটেলে পৌঁছানোর পর মালামাল নামাতে গিয়ে দেখা যায় আটটি লাগেজ গায়েব। এ বিষয়ে ক্রিকেটার এস এম মেহেরাব হোসেন রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করার পর যৌথ অভিযানে নামে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ।