সওয়ার আলম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রেসক্লাবে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক মুক্ত খবর-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন উপস্থিত সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় উখিয়া উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন সাংবাদিক সওয়ার আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব উখিয়ার সভাপতি এম আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব উখিয়ার সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক মুক্ত খবর-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব উখিয়ার সাধারণ সম্পাদক ও দৈনিক একাত্তর-এর উখিয়া প্রতিনিধি শাকুর মোহাম্মদ চৌধুরী, রাজধানী টিভির উখিয়া প্রতিনিধি মো. নাছিম, দৈনিক যুগ যুগান্তর ও JJ TV-এর প্রতিনিধি সরোয়ার আলম, প্যানোয়া নিউজের উখিয়া প্রতিনিধি সালাহ উদ্দিন এবং সাংবাদিক বুলবুল, রুবেলসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

আলোচনা পর্বে বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যনিষ্ঠতা ও জনস্বার্থের প্রতি দায়বদ্ধতা। দীর্ঘ ২৪ বছরের পথচলায় দৈনিক মুক্ত খবর সংবাদ পরিবেশনের মাধ্যমে যে অবস্থান তৈরি করেছে, তা আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘস্থায়ী অগ্রযাত্রা কামনা করেন। তাঁদের প্রত্যাশা, আগামী দিনেও দৈনিক মুক্ত খবর সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পাঠকের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সাংবাদিকরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।