দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

বাংলাদেশে আজ শুক্রবার, ১৬ অক্টোবর, মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

গত বছর এই সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১টি। অর্থাৎ এক বছরে পূজামণ্ডপ বেড়েছে ১ হাজার ৫০০টি। ঢাকা মহানগরীতে এবার ২৫৮টি পূজার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধিরা এসব তথ্য জানান।

তাঁরা জানান, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উদ্যাপিত হবে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

এদিকে পূজার প্রস্তুতিকালে দেশের কয়েকটি স্থানে প্রতিমা ও মন্দিরে হামলার অভিযোগের কথা তুলে ধরে উৎসব চলাকালে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

তাঁরা বলেছেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনের পাশাপাশি সারা বছর সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।