জ্যেষ্ঠ প্রতিবেদক:
জাতীয় ও অন্যান্য ঈদগাহে ঈদের নামাজের নিরাপত্তা দেয়ার বিষয়ে কথা বলছেন র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ। ছবি: ভিডিও থেকে নেওয়া
দেশের জাতীয় ও অন্যান্য ঈদগাহে ঈদের নামাজের নিরাপত্তা দেয়ার বিষয়ে কথা বলছেন র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ। ছবি: ভিডিও থেকে নেওয়া

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার হুমকি পাওয়া যায়নি বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

মঙ্গলবার (২৬ মে) জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

র‍্যাব ডিজি বলেন, ‘পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট থ্রেট (হুমকি) নেই।’

মহাপরিচালক আরও বলেন, কোনো হুমকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথা জানিয়ে তিনি জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ঈদের প্রধান জামাতগুলোকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়েছে।

আহসান হাবীব পলাশ বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাহিনীর সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রলিং পরিচালনা করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুত, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও নকল পণ্য বাজারজাত ঠেকাতেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় র‍্যাব।

এ ছাড়া অনলাইন মনিটরিং কার্যক্রমও সার্বক্ষণিক চালু থাকবে। ছুটির সময়ে রাজধানী ও বড় শহরগুলোতে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে র‍্যাব বলেছে, পরিস্থিতি মোকাবিলায় মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন নিরাপত্তাচৌকি ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক।