মোঃ মাসুম রেজা জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালক শাখাওয়াত হোসেন হত্যা ও অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ ঘটনায় হাবিল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আজ বিকেলেই তাকে আদালতে পাঠানো হয়েছে৷

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই পূর্ব চকপাড়া এলাকায় অটোভ্যান চালক শাখাওয়াত হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করে তাঁর অটোভ্যান ছিনতাই করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর জয়পুরহাটের পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তদন্ত শুরু করে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামালের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলামের সহযোগিতায় পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বিভিন্ন আলামত ও ঘটনার পারিপার্শ্বিক বিষয় পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হয়।
তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় হাবিল উদ্দিনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। তিনি পাঁচবিবি উপজেলার ধাওয়াইপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাজু কামাল সাংবাদিকদের বলেন, অটোভ্যান চালক শাখাওয়াত হোসেন হত্যা মামলার তদন্তে হাবিল উদ্দিনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।