উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টমস মোড় ডাকবাংলা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানে ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকায় অবৈধ মাদক প্রবেশ রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।