দিনাজপুর প্রতিনিধি

চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে রবিবার দিবাগত সন্ধ্যা ৭টার দিকে বাড়ির এক ঘর থেকে দুই শিশু সন্তানসহ গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃতরা হলেন, চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের বালুপাড়া এলাকার সাকিল ইসলামের স্ত্রী স্বর্ণা আক্তার (২৪), তাঁদের ছেলে সাফায়েত (৪) ও মেয়ে রইফা মনি (২)।

এই ঘটনায় মৃত গৃহবধুর বাবা খায়রুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করার প্রক্রিয়াধীন। মামলায় মৃতের স্বামী, শশুর-শাশুড়ীকে আসামী করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, শাকিল হোসেন পেশায় অটোরিকশাচালক। তিনি মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে স্বর্ণাকে নির্যাতন করতেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রোববার বিকেলেও তাদের মধ্যে ঝগড়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অব অপস) আনোয়ার হোসেন বলেন, মা ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মৃতের স্বামী, শশুর-শাশুড়ীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়না তদন্ত করা হবে এবং এরপর প্রকৃত ঘটনা জানা যাবে।