হারুন অর রশিদ

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেন, দেশজুড়ে চমৎকারভাবে পূজা উদযাপিত হলেও কিছু দুষ্কৃতকারী, স্বার্থান্বেষী মহল এই শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার জন্য কিছু কিছু জায়গায় ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। এ বিষয়ে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য নেই। আমরা সবাই ধর্মীয় চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী।

আজ মঙ্গলবার বিকেলে শ্রী শ্রী চিনিশপুর কালী মন্দির দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেছেন।

খায়রুল কবির খোকন বলেন, গত বছর পূজা উপলক্ষে যেখানে ৪ কোটি টাকা বরাদ্দ ছিল, এবার তা ১ কোটি টাকা বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। চালের বরাদ্দ গত বছরের ৫০০ কেজি থেকে বাড়িয়ে এবার ৬০০ কেজি করা হয়েছে। এছাড়া, গত বছর সারা দেশে ২৮ হাজার পূজামণ্ডপ হলেও, এবার মণ্ডপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৫টিতে, আর এই পরিসংখ্যানই প্রমাণ করে বর্তমান পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীরা কতটা নিরাপদে ও উৎসাহের সাথে তাদের উৎসব উদযাপন করছেন।

এ সময় শ্রী শ্রী চিনিশপুর কালী মন্দির দুর্গাপূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্রী বিশ্বজিৎ সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লাসহ বিভিন্ন নেতাকর্মীরা।