দিনাজপুর প্রতিনিধি

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনাজপুরের ঐতিহ্যবাহী রায়সাহেববাড়ী মন্দির ও রামকৃষ্ণ আশ্রম পরিদর্শনে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। সম্প্রীতি ও ঐক্যবদ্ধ বাংলাদেশই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনাজপুরের ঐতিহ্যবাহী রায়সাহেববাড়ী মন্দির ও রামকৃষ্ণ আশ্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমাদের নেতা-কর্মীরা সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলেন এবং সহযোগিতা করেছেন। অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকার তাদের বেশি সহযোগিতা করছে। এবার বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ স্থাপিত হয়েছে। দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

পরিদর্শনকালে মন্ত্রী মন্দির ও আশ্রমের বিভিন্ন বিষয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্দির ও আশ্রমের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ।