মানিকগঞ্জ প্রতিনিধি:

জনগণের প্রত্যাশা পূরণ ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন সহায়তা প্রদানে বর্তমান সরকার ইতিবাচক ভূমিকা রাখছে।
বুধবার (২১ অক্টোবর) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকায় বীর মুক্তিযোদ্ধা নেপাল হালদারের বাড়ির সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। নেপাল হালদার হরিরামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক।
পরিদর্শনকালে আফরোজা খানম রিতা বলেন, বিগত সরকারের সময়ের সঙ্গে বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পার্থক্য জনগণের উপলব্ধি করা প্রয়োজন। সরকারের দায়িত্ব মানুষের প্রত্যাশা পূরণ করা এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করা।
নিজের রাজনৈতিক পথচলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছর মানিকগঞ্জের রাজনীতিতে নানা প্রতিকূল পরিস্থিতিতেও যারা তাঁর পাশে ছিলেন, তাঁদের অবদান তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। মানিকগঞ্জবাসীর এই সমর্থন তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়েছে। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তাঁকে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসব সবার মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করে। সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার ও আব্দুল হক, জেলা জাসাসের সভাপতি মোশাররফ হোসেন শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ ও সদস্যসচিব তুহিনুর রহমান তুহীন, হরিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মহীউদ্দীন মঞ্জু, যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার এবং ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. শাকিল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।