নিজস্ব প্রতিবেদক,
চুক্তির আওতায় সোনালী লাইফের ‘কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান’ ও ‘মান্থলি সেভিংস প্ল্যান’ নগদের প্ল্যাটফর্মে যুক্ত হবে

দেশে ডিজিটাল বিমাসেবার পরিধি বাড়াতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এর ফলে নগদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সোনালী লাইফের দুটি জীবন বিমা পণ্য কিনতে পারবেন গ্রাহকেরা।

গত ১৪ অক্টোবর ঢাকায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া।

চুক্তির আওতায় সোনালী লাইফের ‘কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান’ ও ‘মান্থলি সেভিংস প্ল্যান’ নগদের প্ল্যাটফর্মে যুক্ত হবে। এর মাধ্যমে গ্রাহকেরা সহজে ডিজিটাল পদ্ধতিতে জীবন বিমা সেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি ক্যাশলেস লেনদেন বৃদ্ধি ও আরও বেশি মানুষকে আর্থিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্য রয়েছে এ উদ্যোগের।

অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন, এ অংশীদারত্বের ফলে গ্রাহকেরা ডিজিটাল মাধ্যমে সহজে জীবন বিমা পণ্য কিনতে পারবেন। একই সঙ্গে দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিধিও বাড়বে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, নগদের সঙ্গে এ সহযোগিতার মাধ্যমে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানো এবং জীবন বিমা সম্পর্কে সচেতনতা বাড়ানো সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির আরেক পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া বলেন, সোনালী লাইফের বিমাসেবার অভিজ্ঞতা ও নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্কের সমন্বয়ে জীবন বিমাকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

সোনালী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল রূপান্তর প্রতিষ্ঠানটির অন্যতম অগ্রাধিকার। নগদের সঙ্গে এ চুক্তির ফলে গ্রাহকেরা আরও সহজে বিমা পণ্য কেনার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে সোনালী লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান, চিফ ইনফরমেশন অফিসার হাসিব রেজাসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় প্রতিষ্ঠানের প্রত্যাশা, এ অংশীদারত্ব দেশে প্রযুক্তিনির্ভর বিমাসেবার প্রসার, আর্থিক অন্তর্ভুক্তি এবং জীবন বিমার সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ভূমিকা রাখবে।