নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া বলেছেন, এবারের দুর্গাপূজায় সারা দেশে উৎসাহ-উদ্দীপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় নির্বিঘ্নে উৎসব উদযাপনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর শীতলক্ষ্যা নদীর ৩ নম্বর মাছঘাটে প্রতিমা বিসর্জনের কার্যক্রম ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার বলেন, ‘এবারের মতো উৎসাহ-উদ্দীপনা নিয়ে সারা দেশে পূজা উদযাপিত হয়েছে বলে আমার মনে হয় না। সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই উৎসব পালন করছেন। আমরা চাই, দুর্গাপূজাকে কেন্দ্র করে যে সম্প্রীতির বন্ধন তৈরি হয়েছে, তা অব্যাহত থাকুক।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।