নুরুল আলম সিকদার

কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে পৃথক তল্লাশিতে ৫০ হাজার ৮৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
৮ এপিবিএন সূত্রে জানা যায়, শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের সদস্য ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় রোহিঙ্গা নাগরিক মো. ইসমাইলের হেফাজত থেকে ৮৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সি/২ ব্লকের বাসিন্দা বলে জানা গেছে।
পরে রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে সন্দেহজনক একটি অটো (মিশুক) তল্লাশি করা হয়। এ সময় চালক নুরুল হাসানের হেফাজত থেকে আরও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি পালংখালী ইউনিয়নের বাসিন্দা।
পরে আটক দুইজন ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী আইনানুগ কার্যক্রম শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।