মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভেলাবাদ মোহাম্মদ আলী ফকিরের ৪৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টায় উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ ওরশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত আলী।
ওরশের উদ্বোধন করেন জেলা জাসাসের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন শিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বুলবুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য ও হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজল মাহমুদ আতোয়ার এবং উপজেলা কৃষকদলের সহসভাপতি মো. সামসুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, জেলা কৃষকদলের সামাজিক ও যোগাযোগবিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা কৃষকদলের সহসাধারণ সম্পাদক সাইফুল শিকদার, হারুকান্দি ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবন সুন্দর করা সম্ভব। পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম।
তিন দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে ভেলাবাদ গ্রাম ও আশপাশের এলাকায় ধর্মীয় আবহের পাশাপাশি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের সহযোগিতায় আয়োজিত এ ওরশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।