নুরুল আলম সিকদার

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ দুই এআরএ (ARA) সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরও ৪ থেকে ৫ জন।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-১৯-এর বি/১ ব্লক এলাকায় এ অভিযান চালানো হয়।
৮ এপিবিএন সূত্রে জানা যায়, ক্যাম্প-১৯ এলাকায় দেশীয় অস্ত্রসহ ৬ থেকে ৭ জন এআরএ সশস্ত্র গোষ্ঠীর সদস্য ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএমের নির্দেশনায় ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের সময় অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন—মো. ইমরান (১৯), এফসিএন ১০৮৬০৫, ব্লক এফ/১৪ এবং মো. তৌয়ব (১৫), এফসিএন ১৯০৩১৬, ব্লক এফ/২৮। তারা দুজনই উখিয়ার ক্যাম্প-১০-এর বাসিন্দা।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ৮ এপিবিএন।