নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় আয়োজিত এ মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম বাবু।
এ সময় বাবু বলেন, “আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কর্মকাণ্ডে অতীতে বহু পরিবার স্বজন হারিয়েছে। ২০২৪ সালের ঘটনাগুলোর ইতিহাস দেশবাসীর জানা। এখন আবারও নিষিদ্ধ আওয়ামীলীগ একটি সুন্দর বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে তা মেনে নেওয়া হবে না।”
তিনি আরও বলেন,গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনার প্রতিবাদে “পুলিশের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যারা এ হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ছাত্রদল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থেকে গণতান্ত্রিক ও আইনসম্মতভাবে প্রতিবাদ চালিয়ে যাবে ছাত্রদল।”
মিছিল থেকে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।