লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা রেলসেতু এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে মাওয়া চৌরাস্তা সংলগ্ন রেলসেতুর ১৫৫/৭ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে ওই নারী পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন।