(মোঃ জয়নাল আবেদীন জয়, লালমাই)
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে পানিতে ডুবে আপন চাচাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।

নিহতরা হলো—বরইয়া গ্রামের বাহরাইনপ্রবাসী মো. সোহেলের ছোট ছেলে আবদুর রহমান (৫) এবং একই পরিবারের বাহরাইনপ্রবাসী জুয়েলের একমাত্র ছেলে মো. জোবায়ের (৫)।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

স্থানীয় মুরব্বি আবদুল মালেক (১১০) জানান, তিনি পুকুরে গোসল করতে যাওয়ার সময় শিশু দুটিকে পানিতে দেখতে পান। এ সময় তিনি শিশু দুটিকে পানিতে ভাসতে ও বাঁচার চেষ্টা করতে দেখে জোরে চিৎকার করে ওঠেন।

তার চিৎকার শুনে এক নারী দ্রুত ঘটনাস্থলে এসে পানিতে নেমে শিশু দুটিকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত একটি সিএনজি অটোরিকশাযোগে শিশু দুটিকে বাগমারা বাজারের একটি মেডিকেল ক্লিনিকে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে শোকাহত দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্বজনদের কান্নায় এলাকায় নেমে এসেছে শোকের মাতম।