মানিকগঞ্জ প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুরে চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিন কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার পদ্মা-যমুনা নদীসংলগ্ন বলবন্ত জলমহালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মজলিসপুর গ্রামের ইউসুফ মিস্ত্রির ছেলে মো. আলী মিস্ত্রি (২৬), একই গ্রামের ফজলুল হকের ছেলে মো. আমির হোসেন (২২) এবং হরিরামপুর উপজেলার চালা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে গফফার হোসেন (৪০) ও লুৎফর হোসেন (৩৫)।
অভিযানে জব্দ করা ৬০ হাজার মিটার কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেনের যৌথ পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূরুল ইকরামসহ মৎস্য বিভাগের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
ইউএনও ফারজানা আক্তার বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর নির্ধারিত সময় ৮ থেকে ২৯ অক্টোবর। ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ সময়ে নদীতে ইলিশ আহরণসহ নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।