চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি চালিয়ে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। গতকাল বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) মাহবুবুল ইসলাম এবং কনস্টেবল ফয়েজ আহম্মেদ ও গাজী মোহাম্মদ মহসিন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে একটি ট্রাক থামান ঐ তিন পুলিশ সদস্য। এ সময় তাদের সঙ্গে রবিন ও মোমেন নামে দুই জন কথিত সোর্স ছিলেন। দুই কনস্টেবল ট্রাকে উঠে চালকের পাশের আসনে বসে ট্রাকটির নিয়ন্ত্রণ নেন। পরে এসআই মাহবুবুল ইসলাম মোটরসাইকেলে এবং দুই সোর্স একটি মাইক্রোবাসে করে ট্রাকটির পিছু নেন। ট্রাকটি বিভিন্ন সড়ক ঘুরিয়ে সাতকানিয়া উপজেলার কেরাণীহাট রেলক্রসিং এলাকায় নেওয়া হয়। সেখানে চালককে নামিয়ে ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের নিচে তিনটি পোটলায় রাখা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা জব্দের বিষয়টি নথিভুক্ত না করে সেগুলো আত্মসাত্ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, ইয়াবা আত্মসাতের অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে ঐ তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।