আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলের নির্বাচনে এক্সিট পোলের ফলাফল প্রকাশের পর এক ভাষণে ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট নতুন রাজনৈতিক পর্বের সূচনা ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের জনগণ বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বকে প্রত্যাখান করেছে এবং একটি দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সরকার গঠনের পক্ষে রায় দিয়েছে।

আইজেনকোট বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে ইসরায়েলের জনগণ দেশের ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে তাদের সুস্পষ্ট মতামত প্রদান করেছে। ফলাফলে দেখা যাচ্ছে যে নেতানিয়াহু বর্তমানে একটি জাতীয় ও ইহুদি সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি, যা তার নিজ সমর্থক গোষ্ঠীর চেয়ে অনেক বেশি শক্তিশালী। দেশের মূল কর্মক্ষম ও সেবা প্রদানকারী জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। এই ব্যর্থ জোট সরকারের ওপর জনগণ তাদের আস্থা হারিয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বার্তা দিয়েছে। একজন দায়িত্বশীল নেতার উচিত জনগণের এই রায়কে সম্মান জানিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়া।

চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে আইজেনকোট বলেন, নতুন করে আবার নির্বাচনে যাওয়া এক বিরাট ভুল হবে। জনগণের রায় বাস্তবায়ন করা রাজনৈতিক নেতাদের দায়িত্ব। দেশে বিভাজন, মিথ্যাচার ও ব্যর্থতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, সাধারণ মানুষ তা থেকে মুক্তি চায়। ইয়াশার পার্টি শুরু থেকেই একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বিকল্প তুলে ধরেছে, যা দেশের ধর্মীয়, ধর্মনিরপেক্ষ, ডান, বাম ও মধ্যপন্থী; সকল শ্রেণির মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

একই সাথে তিনি দেশটির সকল সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, তারা যেন কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করেন। কারণ তারা কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক স্বার্থের জন্য নয়, বরং রাষ্ট্র ও জনগণের সেবায় নিয়োজিত। তিনি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান পরিস্থিতিকে নিজ স্বার্থে ব্যবহার করা বা দেশের নিরাপত্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা যেন না করা হয়।

আইজেনকোট প্রতিশ্রুতি দেন, আগামী দিনে যে সরকার গঠিত হবে তা দেশের সার্বিক ঐক্য ও মূল আদর্শকে টিকিয়ে রাখবে। সেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা পাবে এবং বাধ্যতামূলক সামরিক বা জাতীয় সেবার আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। তিনি বলেন, এটি কেবল কোনো নির্দিষ্ট একটি দলের জয় নয় বরং এটি সমগ্র ইসরায়েলি জনগণের বিজয়। বিভাজন ও বিদ্বেষের দিন শেষ করে দেশ এখন একটি নতুন আশা, দায়িত্ববোধ ও সম্প্রীতির যুগে প্রবেশ করছে। ভাষণ শেষে তিনি দেশের সকল কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল