উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া-ঘুমধুম সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করার তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযান ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা মাদক পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টদের মতে, সীমান্ত এলাকায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে মাদক পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।