মোঃ সাগর বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬০ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—এই তিন বিভাগ থেকে মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৭ জন জিপিএ-৫, ৪২ জন এ গ্রেড এবং একজন এ মাইনাস গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বিভাগভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল বিজ্ঞান বিভাগে ১৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ জন এবং মানবিক বিভাগে ৩৪ জন।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক পাঠদান, সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বয়ে এ সাফল্য অর্জিত হয়েছে।

পাহাড়ি জনপদে মানসম্মত শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের মেধা বিকাশে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির এবারের ফলাফল লামা তথা বান্দরবানের শিক্ষাঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাই আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।